সোমবার ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধরনের ধস 

এসএসসিতে পাসের হারে ২য় স্থান ধরে রাখলো যশোর বোর্ড

প্রকাশিত: ১৫:৫৩, ১০ আগস্ট ২০২৬

এসএসসিতে পাসের হারে ২য় স্থান ধরে রাখলো যশোর বোর্ড

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পর দেশজুড়ে পাসের হারে দ্বিতীয় স্থান ধরে রাখলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বড় ধরনের ধসের মুখে পড়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গ্রেস মার্ক না দেওয়া এবং ইংরেজি ও গণিতে পাসের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াকে এই ফলাফলের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।


সোমবার যশোর বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্যমতে, ঢাকা বোর্ড ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে এবং যশোর বোর্ড ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
চলতি বছর (২০২৬) পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন; যার মধ্যে উত্তীর্ণ ৮৮ হাজার ৯৭ জন (পাসের হার ৬৬.২৭%)। জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ছাত্রী ৬,৩৫১ ও ছাত্র ৫,১২৭)।
গত বছর (২০২৫) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮,৮৫১ জন; উত্তীর্ণ ১ লাখ ২,৩১৯ জন (পাসের হার ৭৩.৬৯%)। জিপিএ-৫ পেয়েছিল ১৫,৪১০ জন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ৩,৯৩২টি।


ঐতিহ্য বজায় রেখে শীর্ষে থাকা বিজ্ঞান বিভাগ থেকে ৩৯,১৪৭ জনের মধ্যে উত্তীর্ণ ৩৪,০১৭ জন (পাসের হার ৮৬.৮৫%)। জিপিএ-৫ পেয়েছে ১০,১৩৬ জন (ছাত্রী ৫,৩২৭ ও ছাত্র ৪,৮০৯)।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩,১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯,২৪৬ জন (পাসের হার ৭১.৩৩%)। জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন (ছাত্রী ২৩২ ও ছাত্র ১৩৯)।
এবছর সবচেয়ে খারাপ ফল করেছে মানবিক বিভাগ। এই বিভাগ থেকে ৮০,৬৭৬ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ৪৪,৮৩৪ জন (পাসের হার ৫৫.৩৯%)। জিপিএ-৫ পেয়েছে ৯৭১ জন (ছাত্রী ৭৯২ ও ছাত্র ১৭৯)।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী জানান, সুষ্ঠু ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান এবং উত্তরপত্রের সঠিক মূল্যায়নের মাধ্যমে এ ফলাফল প্রস্তুত করা হয়েছে। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অতিমূল্যায়ন, অবমূল্যায়ন কিংবা বাড়তি গ্রেস মার্ক দেওয়া হয়নি। তবে এ বছর ইংরেজিতে পাসের হার ৭১ দশমিক ৮৪ শতাংশ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশে নেমে আসায় তা সার্বিক ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। উল্লেখ্য, অসাধুপায় অবলম্বনের দায়ে এবার ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: