রোববার ২৯ মার্চ ২০২৬

১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে ভক্তদের শাকিবের উপহার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ মার্চ ২০২৬

জন্মদিনে ভক্তদের শাকিবের উপহার

নিজের জন্মদিনে একেবারেই ভিন্ন এক স্টাইলে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন শাকিব খান। কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—সব মিলিয়ে এক সাহসী ও আধুনিক লুকে ধরা দেন তিনি।


সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে পারেনি। একদিকে টেকনিক্যাল সমস্যার কারণে স্টার সিনেপ্লেক্স-এ সময়মতো প্রদর্শন না হওয়া, অন্যদিকে নির্মাণগত কিছু দুর্বলতা—সব মিলিয়ে ছবিটি কিছুটা পিছিয়ে পড়ে।

তবে এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’। জানা গেছে, মালয়েশিয়ায় পরিচালক আজমান রুশোর পরিচালনায় ছবিটির শুটিং শুরু করেছেন শাকিব খান। পরিকল্পনা অনুযায়ী, নিজের জন্মদিনেই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন তিনি।

প্রকাশিত পোস্টারে শাকিব খানকে একেবারেই নতুন ভাবে দেখা যায়। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা ‘রকস্টার’ অবতারে তিনি হাজির হয়েছেন আত্মবিশ্বাসী ও স্টাইলিশ লুকে, যা ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে শাকিব লেখেন, এটি তার পক্ষ থেকে জন্মদিনের উপহার। মন্তব্যের ঘরে ভক্তরা তার নতুন লুকের প্রশংসা করেছেন এবং জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সব মিলিয়ে ‘রকস্টার’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: