কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী মানদণ্ড তৈরিতে সম্মত হয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি বিভিন্ন এলাকায় ডেটা সেন্টারের পরিবেশ ও অবকাঠামোগত প্রভাব নিয়ে ক্ষোভ বাড়ার মধ্যেই গতকাল মঙ্গলবার এ কথা বলেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিরাপত্তায় স্বেচ্ছাসেবী মানদণ্ড তৈরিতে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশজুড়ে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এআইয়ের ঝুঁকি এবং ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যেই গতকাল হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।
বৈঠকে অংশ নেওয়া কোম্পানিগুলো জানিয়েছে, এআই সিস্টেমগুলো নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে কি না, তা যাচাইয়ে ‘স্বাধীন নিরীক্ষকদের’ সঙ্গে কাজ করবে তারা। এ ছাড়া তাদের এআই সরঞ্জাম যেন ‘অনিচ্ছাকৃতভাবে প্রযুক্তিগত সিস্টেমে হ্যাক বা প্রবেশ’ না করে, তা নিশ্চিত করার কথাও জানিয়েছে কোম্পানিগুলো।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিটির একটি অনুলিপি প্রকাশ করেছেন।
উন্নত এআইয়ের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অন্য কোম্পানির সিস্টেমে হ্যাক করেছে।
ডেটা সেন্টারগুলো এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিপুল কম্পিউটিং শক্তি সরবরাহ করে। তবে এসব স্থাপনায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, ইউটিলিটি খরচ ও স্থানীয় পর্যায়ের নানা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বিরোধিতা তৈরি হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ পরিস্থিতি রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
ট্রাম্প তাঁর সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর করা চুক্তিকে ‘অনেকটা সংবিধানের মতো’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিরা এতে স্বাক্ষর করেছেন, আর আমি প্রেসিডেন্ট হিসেবে এতে স্বাক্ষর করেছি। এটা সত্যিই একধরনের সুরক্ষা।’


























