সোমবার ১৯ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্টে ১৭ জনের প্রাণহানি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৩, ১৮ অক্টোবর ২০২৬

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্টে ১৭ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুর্গাপূজার আনন্দের মধ্যে মহাসপ্তমীর সন্ধ্যায় চারবাগান সর্বজনীনের পূজামণ্ডপে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়, হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জন মারা যান। আহত হয়েছেন আরও বহু দর্শনার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় উৎসবের আবহ মুহূর্তের মধ্যে শোক ও আতঙ্কে বদলে যায়।


 প্রবল বৃষ্টি শুরু হলে মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে ভিড়ের চাপ আরও বেড়ে যায় বলে প্রত্যদর্শীদের বর্ণনা। একপর্যায়ে পিছন দিক থেকে ধাক্কা আসতে থাকলে সামনের সারিতে থাকা অনেকে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাদের ওপর একের পর এক মানুষ পড়ে যাওয়ায় অনেকে নিচে চাপা পড়েন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে।


এক প্রত্যদর্শীর বর্ণনা অনুযায়ী, তিনি তিন বান্ধবীকে নিয়ে মণ্ডপ থেকে বের হচ্ছিলেন। বাইরে বৃষ্টি হওয়ায় অনেকে মণ্ডপের মুখে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পিছন থেকে প্রবল ধাক্কা আসে। সামনে থাকা দর্শনার্থীরা পড়ে গেলে তাদের ওপর অন্যরা পড়তে থাকেন। তার তিন বান্ধবীও ভিড়ের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা মণ্ডপের অন্য একটি অংশ ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে। তাদের শরীরে একাধিক আঘাত রয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চাপ বাড়তে থাকে। 

জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়। ছুটির আবহে কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক হাসপাতালে না থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন বিভাগের প্রধানদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: