তুরস্কের কারখানায় ক্রেন ভেঙে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭
তুরস্কের ইজমির বন্দরনগরীর একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
দেশটির আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় সোমবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নতুন একটি বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানায় নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এই বিপর্যয় ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মন্ত্রিসভার বৈঠক শেষে ১৬ জনের মৃত্যুর কথা জানান। তবে পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেন, চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ১৭ হয়েছে। নিহত ও আহতদের সবাই কারখানার কর্মী।
বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং কারখানার ভেতরে আগুন লেগে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠায় তারা প্রথমে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যে জানা গেছে, এই ঘটনার পেছনে অবহেলার অভিযোগে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ নামের একটি স্বাধীন সংস্থা উল্লেখ করেছে যে, তুরস্কে কর্মক্ষেত্রে নিরাপত্তা মান বজায় না থাকা এবং ধারাবাহিক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের গুরুতর সমস্যা।


























