শনিবার ২১ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বিচার আদালতের রায়

রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং মিয়ানমার দোষী সাব্যস্ত

রানার আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৩, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৪৬, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং মিয়ানমার দোষী সাব্যস্ত

ছবিঃ বিবিসি

ঐতিহাসিক রায় দিলেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন– রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। চূড়ান্ত এই রায়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় এক দশক আগে মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন লাখো রোহিঙ্গা।

নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে জেনোসাইডের আইনি মানদণ্ড প্রমাণিত হলো। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করার ঘটনা বিশ্ব আদালতের ইতিহাসে এটিই প্রথম। 

আদালত স্পষ্ট জানিয়েছেন– এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। আইনিভাবে এই রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। রায়ে মিয়ানমারকে দুটি প্রধান নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র হওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন আদালতের পরবর্তী তারিখে নির্ধারণ করা হবে।

তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই। তাই আদালত নিজে থেকে এই রায় কার্যকর করতে পারেন না। মিয়ানমার যদি এই রায় অমান্য করে, তবে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানোর পথ খোলা থাকে। নিরাপত্তা পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিতে পারে।

রায়ে ১৫ সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। লোকারণ্য ‘গ্রেট হল অব জাস্টিস’-এ তিন ঘণ্টাব্যাপী রায়ের মূল অংশ পাঠ করেন তিনি। রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এই মর্মে পুরোপুরি নিশ্চিত– মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেশটি ১৯৪৮ সালের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়েছে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের জন্য মিয়ানমার সরাসরি দায়ী।’

বিচারকরা তাদের পর্যবেক্ষণে জানান, তথাকথিত শুদ্ধি অভিযানের নামে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করেছে। নারীদের ওপর দলবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়েছে। শত শত গ্রাম জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী সক্রিয়ভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছে। বিচারক প্যানেলের মতে, রাখাইনে মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গাদের ধ্বংস করার সুস্পষ্ট অভিপ্রায় ছিল– এটিই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা।

 

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: