ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে নিজ পদের নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে এ তথ্য প্রকাশ করেছেন দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, সাবেক এই বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কর্মকর্তা জানান, বেশ কিছু সামরিক সরঞ্জামের কোড পরিবর্তন করে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়।
হাং কাও শুনানিতে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেন, “এপিক ফিউরিতে আমরা যেসব গোলাবারুদ ব্যবহার করেছি, তার অনেকগুলোর কোড পরিবর্তন করতে পেরেছিলাম। সেগুলো ছিল কোড ইকো ও কোড ফক্সট্রট—যার অর্থ হলো সেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।”
মার্কিন ডিফেন্স লজিস্টিকস এজেন্সির নির্দেশিকা অনুযায়ী, ‘ইকো’ এবং ‘ফক্সট্রট’ কোড চিহ্নিত সামরিক সরঞ্জামগুলো সাধারণত ব্যবহারের অনুপযোগী হলেও মেরামত বা পুনরুদ্ধারের মাধ্যমে সীমিত পরিসরে আবার কাজে লাগানো সম্ভব।
নিজের পারিবারিক পটভূমির উল্লেখ করে হাং কাও এই প্রক্রিয়াটিকে খাদ্য সংরক্ষণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “আমি একটি দরিদ্র পরিবার থেকে এসেছি। রুটির মতো খাবারের মেয়াদ শেষ হয় না। এর ওপর একটু পানি ছিটিয়ে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করলেই আবার খাওয়ার উপযোগী হয়ে যায়।”
নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর ডেব ফিশারের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। সিনেটর ফিশার জানতে চেয়েছিলেন, নৌবাহিনী ব্যয়বহুল ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের পাশাপাশি সস্তা ও গণউৎপাদনযোগ্য অস্ত্রের সঠিক ভারসাম্য রাখছে কি না।
জবাবে কাও জানান, আগে বছরে প্রায় ১২৫টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি হলেও বর্তমানে তা বাড়িয়ে প্রতি মাসে ৬০টির বেশি করা হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে ঠিক কত পরিমাণ বা কোন ধরনের মেয়াদোত্তীর্ণ অস্ত্র ফেলা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তার জানাননি।
এদিকে গত বছরের সেপ্টেম্বরে পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রচুর অস্ত্র ব্যবহারের ফলে দেশটির কৌশলগত মজুতে টান পড়েছে এবং প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।


























