ঘোড়াঘাট দিনাজপুর-৬ নির্বাচনী ঘোড়াঘাট, হাকিমপুর, নব্বাগঞ্জ, বিরামপুর চারটি উপজেলার কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট থাকবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে করা হবে। সরকারের বহুমুখী উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়—মসজিদ, মন্দির ও গির্জা—কবরস্থান ও শ্মশানসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মাদক প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানরা যাতে মাদকের সংস্পর্শে না আসে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রতিটি পরিবারকে নিজ নিজ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























