বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইউরোপ থেকে এয়ারবাস কিনছে সরকার

​​​​​​​ঢাকা অফিস

প্রকাশিত: ২০:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এবার ইউরোপ থেকে এয়ারবাস কিনছে সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমরা এয়ারবাস কিনছি। ১০টি উড়োজাহাজ কেনা হবে। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি সই হবে।’

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। এতে বিমানের বোয়িং উড়োজাহাজ কেনার মোট অর্ডার দাঁড়িয়েছে ২৫টিতে। নতুন চুক্তির ১১টির মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।

এয়ারবাসের প্রস্তাবিত ১০টি উড়োজাহাজের মধ্যে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এয়ারবাসের সঙ্গে চূড়ান্ত চুক্তির মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বিমানের একটি মিশ্র বহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের ভাষ্য, এর মাধ্যমে বিমানের আন্তর্জাতিক রুট ও যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের বিমান চলাচল খাত সম্প্রসারণ করা হবে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: