বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি উপকরণের বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে যশোরে বিক্ষোভ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২০:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃষি উপকরণের বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে যশোরে বিক্ষোভ

জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলা দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষকরা সমস্যায় পড়েছেন। কৃষির সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকলেও তাদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আগের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করেছিল। বর্তমান সরকারও চুক্তিটি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করছে না। তারা চুক্তিটি জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

সমাবেশ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের জন্য সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক ও ক্ষেতমজুরদের স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: