রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধানে খুলনায় প্রশিক্ষণ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা):

প্রকাশিত: ১২:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধানে খুলনায় প্রশিক্ষণ

ছবিঃ পিএমও

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে প্রকৃতিনির্ভর সমাধান (এনবিএস) বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিফরআরএল প্রকল্পের আওতায় আইইউসিএন বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা আভা সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুইডেন দূতাবাস, ঢাকার অর্থায়নে সিএনআরএসের নেতৃত্বে আইইউসিএন, বেলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিডিও ও প্রেরণার অংশীদারত্বে শ্যামনগর, দাকোপ, কয়রা ও মাগুরায় বিফরআরএল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রকৃতিনির্ভর সমাধান সম্পর্কে ধারণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ করে এনবিএস কীভাবে পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, যোগাযোগ ও দীর্ঘমেয়াদে সমন্বিতভাবে ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়ে সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি, প্রকৃতিনির্ভর সমাধান, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন, এনবিএসের ধরন ও প্রয়োগের মানদণ্ড, জলবায়ু বিপন্নতা ও ঝুঁকি নিরূপণ, প্রশমন, সুশাসন, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও যোগাযোগ, জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক এনবিএস, মনিটরিং ও ইন্টিগ্রেশন বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন হয়।

প্রশিক্ষণে আইইউসিএনের বৈশ্বিক মানদণ্ডের আলোকে স্থানীয় পর্যায়ে এনবিএসের কার্যকারিতা, অন্তর্ভুক্তিমূলক শাসন, জীববৈচিত্র্যের সুফল, অভিযোজনমূলক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে শিক্ষক, শিক্ষার্থী, যুব প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন আইইউসিএনের পরামর্শক মো. আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইসরাত জাহান ইমা এবং ডকুমেন্টেশন ও রিপোর্টিং অফিসার মেহজাবিন মৌ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: