ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর রেলস্টেশনে তাঁদের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
আটকরা হলেন—কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে মোহাম্মদ ইশতিয়াক আহমেদ (২২) ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি (২৩)।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ওই দিনই আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই মামলায় শুক্রবার বিকেলে ইশতিয়াক আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইফতিকে আটক করা হয়। তারা দুজনই কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য। এছাড়া তারা বাংলাদেশ রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত ছিলেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটচাঁদপুর পৌর শাখার সক্রিয় সদস্য। তারা শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে সন্ত্রাসবিরোধী মামলায় তাদের আটক করা হয়েছে।’


























