সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আটক হয়েছেন আমির হামজা নামের এক যুবক। তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র ও একটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের কথাবার্তার একপর্যায়ে ওই যুবকের পরিচয় নিয়ে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদে তিনি সেনাসদস্য নন বলে জানতে পারেন তাঁরা। এরপর স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, স্থানীয় লোকজন তাঁকে সেনাবাহিনীর পরিচয়পত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন জানতে চাইলে তিনি স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি তৈরি করেছেন বলে জানান।
পুলিশ জানায়, আমির হামজার জাতীয় পরিচয়পত্রে নাম আমির হামজা থাকলেও জাল পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন। তিনি দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























