শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা 

প্রকাশিত: ১২:২১, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২১, ২৬ নভেম্বর ২০২৬

জীবননগরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধের জেরে আব্দুল খালেক (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে খালেকের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাঁরা আলাদা বসবাস করছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খালেকের বিরোধ চলছিল। দেড় মাস আগেও পাপিয়া খাতুন ও তাঁর দুই ভাই ওসমান (৪০) এবং ইসমাইল (৩৫) তাঁকে মারধর করে আহত করেন।

স্বজনদের দাবি, বুধবার জমি বন্ধক রাখার টাকা দিতে গেলে খালেককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে মিনাজপুর এলাকার একটি মাঠে ফেলে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ছেলে জিনারুল বলেন, ‘চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁরা আলাদা থাকতেন। কিন্তু আমার মা ও মামারা বিভিন্ন সময় বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তাঁরা বাবাকে মারধর করে আহত করেন।’

তিনি আরও বলেন, ‘বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়। খবর পেয়ে হাসপাতালে এসে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তার আগেই বাবা মারা যান।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুর রহমান জানান, সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে খালেক রাতে হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতের পরিবার জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: