খুলনার রূপসা ঘাটে দীর্ঘদিনের প্রত্যাশিত ফেরি চলাচল শুরুর উদ্যোগ এগিয়েছে। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে ফেরি চালু করা হবে। তবে পাশেই খানজাহান আলী (রূপসা) সেতু থাকায় এ ঘাটের ফেরিতে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশা, ঠেলাগাড়ি ও সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো যানবাহন পারাপার করা হবে না।
দীর্ঘদিন ধরে ঘাটের দুই প্রান্তের গ্যাংওয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া মাঝিদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের অভিযোগ রয়েছে। এসব সমস্যা নিরসনে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে ফেরি চালুর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআইডব্লিউটিসির খুলনা কার্যালয় থেকে ফেরি চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন পাঠানো হয় ঢাকায়। পরে গত ৪ অক্টোবর রূপসা ঘাটে ফেরি চালুর বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি ঘাটের ইজারাদার প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) ফেরি চলাচলের উপযোগী পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দেয়। ইতিমধ্যে পশ্চিম প্রান্তে নতুন গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। পূর্ব প্রান্তে নতুন গ্যাংওয়ে স্থাপনের জন্য পন্টুন সরিয়ে রাখা হয়েছে। আপাতত পূর্ব রূপসা বাজারের পণ্য খালাসের ঘাট দিয়ে যাত্রী পারাপার চলছে।
ঘাটের দুই প্রান্তের কাজ শেষ হলে বিআইডব্লিউটিএর কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। এরপর মন্ত্রণালয়ে পরবর্তী প্রতিবেদন পাঠানো এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিএর খুলনার উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘ঘাটের ইজারা আমরা দিলেও ফেরি চালুর বিষয়টি বিআইডব্লিউটিসির হাতে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।’
বিআইডব্লিউটিসি খুলনার ব্যবস্থাপক (হিসাব) মানজুর ইশতিয়াক বলেন, ‘রূপসা ঘাটে মানুষের দুর্ভোগ ও দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরির প্রয়োজনীয়তা উল্লেখ করে ঢাকা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। কবে থেকে এবং কয়টি ফেরি এ ঘাটে চলাচল করবে, তা ঢাকা অফিস বলতে পারবে।’
বিআইডব্লিউটিসির ঢাকা কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুলনা কার্যালয়ের প্রতিবেদনের ভিত্তিতে গত ৪ অক্টোবর মন্ত্রণালয়ে ফেরি চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএকে পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দেওয়া হয়। এসব কাজ শেষ হওয়ার পর অগ্রগতি প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে।
দুর্ভোগ কমার প্রত্যাশা স্থানীয়দের
রূপসা বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটের মাঝিদের কাছে সাধারণ মানুষ অনেকটা জিম্মি। অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন নিত্যদিনের ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এখানে ফেরি চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবে।’
কলেজশিক্ষার্থী আরিকা আফরিন বলেন, ‘কলেজের ক্লাস ও কোচিং করার জন্য প্রতিদিন ঘাট পার হয়ে শহরে যেতে হয়। কিন্তু ঘাটের অব্যবস্থাপনায় আমরা খুব সমস্যায় পড়ি। এ ঘাটে ফেরি চালু হলে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবে।’
বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, রূপসা ঘাটে ফেরি চলাচল শুরু হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এ উদ্যোগের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সংবাদকর্মী মোস্তাফিজুর রহমান বলেন, ‘রূপসা ঘাটে ফেরি চলাচলের স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। ফেরি চালু হলে মানুষের ভোগান্তি ও মাঝিদের দৌরাত্ম্য কমবে।’


























