সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়ি থেকে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়িটির মালিক শেখ তামিম আজাদ মেরিন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী ডালিয়া আফরোজ শ্রীপতিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ঘটনার সময় শিক্ষক দম্পতি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে বিভিন্ন কক্ষের আলমারি ও আসবাবপত্র তল্লাশি করে। এ সময় ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
শেখ তামিম আজাদ মেরিন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি থেকে আনুমানিক ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা চুরি হয়েছে। চুরির পর বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল তছনছ অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনবহুল এলাকায় দিনের বেলায় শিক্ষক দম্পতির বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।


























