রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ১২:২২, ২৮ নভেম্বর ২০২৬

গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোড়পুকুরিয়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বিএনপি কর্মী মঈনাল হকের বাড়ির গেটে একটি ককটেল নিক্ষেপ করা হয়। একই সময়ে প্রতিবেশী বিএনপি কর্মী সাজ্জাদ হোসেনের বাড়ির গেটেও আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মঈনাল হকের ছেলে ইউসুফ আলী অভিযোগ করেন, কিছুদিন আগে প্রতিবেশী আব্দুল্লাহর বাড়িতে রাতে কে বা কারা ইট নিক্ষেপ করে। এ সময় তাঁদের পরিবারের চিৎকার শুনে তিনি ও সাজ্জাদ আলীর ছেলে শুভ এগিয়ে যান। পরে আব্দুল্লাহর পরিবারের সদস্যরা তাঁদের ইট নিক্ষেপের ঘটনায় সন্দেহ করেন।

ইউসুফের অভিযোগ, এ ঘটনা নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে দুলাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন তাঁকেসহ প্রতিবেশী মিঠন ও সুমীকে প্রকাশ্যে হুমকি দেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইউসুফ।

অভিযোগের বিষয়ে জানতে রোজিনা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

খবর পেয়ে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: