রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ১২:১৪, ২৮ নভেম্বর ২০২৬

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।

মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী শাওন বল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর এমন রাজনৈতিক সংঘাত এই প্রথম দেখলেন তিনি। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি উভয় পক্ষ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ করেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: