শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ হবে : প্রতিমন্ত্রী অমিত

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত সময়েই যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ হবে : প্রতিমন্ত্রী অমিত

নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে রাজধানী ঢাকা বা অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিত করা এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি বর্তমানে মূলত মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়েছে।’

এর মধ্যে সিংহভাগ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসাসেবা পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই এ সেবা চালু করা সম্ভব হবে। এর ফলে গুরুতর হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।’

দেশের সামগ্রিক গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আবহাওয়া প্রতিকূল থাকায় বঙ্গোপসাগরে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে এলএনজি খালাসে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার কথা বলেও জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও কমলে দেশের বাজারে দ্রুত জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: