পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে যশোরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেলে তিন সংগঠনের যৌথ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শহরের চিত্রা মোড়ে মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ককটেল বিস্ফোরণ বা সহিংসতার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের পতন ঘটানো সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, রাজপথে দেশবিরোধী সন্ত্রাসীদের মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তাঁর সহযোগীরা বিভিন্ন স্থানে অবস্থান করছে। যশোরেও আওয়ামী লীগের কথিত গডফাদারদের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসীরা অবস্থান করছে।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল ও আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
সমাবেশ শেষে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের দড়াটানা ও বকুলতলা মোড় হয়ে বিমান অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


























