নাভারন পুরাতন বাজারের খাস শ্রেণিভুক্ত প্রায় আড়াই বিঘা জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সরেজমিনে নাভারন পুরাতন বাজার পরিদর্শন করেন। এ সময় অবৈধ দখলদারদের স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে ওই জায়গায় অচিরেই হাট চাঁদনী নির্মাণ করা হবে। প্রকৃত ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুতের পর অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে এম সাইফুল্লাহ বলেন, ‘এখানে হাট চাঁদনী নির্মাণের জন্য সরকারি তরফ থেকে আগে থেকেই বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। সেটি এখন বাস্তবায়ন করা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাভারন পুরাতন বাজারের বিপুল পরিমাণ খাস জমি এক শ্রেণির ব্যক্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ স্থাপনা নির্মাণ কিংবা খালি জায়গা দখল করে মোটা অঙ্কের টাকায় সাবলিজ দিয়েছেন। আবার কেউ কেউ এসব স্থাপনা থেকে নিয়মিত ভাড়া আদায় করছেন।
নাভারন পুরাতন বাজারের ওই খাস জমিতে অন্তত ২০ থেকে ২৫ ব্যক্তি মাছ-তরকারি, চা-পান, ওয়ার্কশপসহ বিভিন্ন ধরনের দোকান গড়ে তুলেছেন বলে জানা গেছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহর সঙ্গে ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. এমদাদুল হক ইমদাদ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. তোফাজ্জল হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান মিনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























