যশোর শহরের খড়কী কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামের এক তরুণীর ওপর বাসায় ঢুকে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মিথিলাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিথিলা খড়কী কবরস্থান এলাকার গোলামের মেয়ে। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন কিশোর ওই এলাকার একটি চায়ের দোকানের পাশে নিয়মিত অবস্থান করে এবং রাস্তা দিয়ে চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করে আসছিলেন।
শুক্রবারও কয়েকজন নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন মিথিলা। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোররা তার বাসায় ঢুকে ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দে বলেন, ‘তাঁর মাথায় বেশ খানিকটা ক্ষত হয়েছে। এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় এলাকায় কিশোরদের উত্ত্যক্ত করার অভিযোগ ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


























