সোমবার ০৫ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন শতাধিক শিক্ষার্থীকে লাইব্রেরির সদস্য করল যশোর ইনস্টিটিউট

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২১, ৪ অক্টোবর ২০২৬

তিন শতাধিক শিক্ষার্থীকে লাইব্রেরির সদস্য করল যশোর ইনস্টিটিউট

যশোর শহরের পাঁচটি স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীকে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সদস্য করা হয়েছে। রোববার তাদের হাতে লাইব্রেরি কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ পাবে।
‘পাঠাভ্যাস হোক জ্ঞান অর্জনের ভিত্তি’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী ও লাইব্রেরিমুখী করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। রোববার সকালে যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, জ্ঞানার্জনের অন্যতম প্রধান মাধ্যম বই পড়ার অভ্যাস। ডিজিটাল যুগে শিক্ষার্থীদের বই পড়ার দিকে ফিরিয়ে আনা জরুরি। পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসের বই পড়া তাদের মানস গঠনে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত লাইব্রেরিতে এসে বই পড়তে পারে, সে পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠাগার সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী।

অনুষ্ঠানে যশোর ইনস্টিটিউটের সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবির, সহসাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আনোয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যশোর জিলা স্কুল, এমএসটিপি স্কুল, প্রিপারেটরি স্কুল, কালেক্টরেট স্কুল ও ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: