শনিবার ০৩ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় একই জমি থেকে চতুর্থবার ট্রান্সফরমার চুরি

প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

প্রকাশিত: ২১:০৭, ২ অক্টোবর ২০২৬

ঝিকরগাছায় একই জমি থেকে চতুর্থবার ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় কৃষকের ফসলি জমি থেকে ১০ কেভিএ ক্ষমতার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই জমি থেকে এ নিয়ে চতুর্থবার ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার নাভারণ ইউনিয়নের মানিক আলী গ্রামের পশ্চিম মাঠে জমিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পান কৃষক রুহুল আমিন। তাঁর জমিতে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় চোরেরা। স্থানীয়দের ধারণা, চুরি হওয়া ট্রান্সফরমারটির বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

কৃষক রুহুল আমিন বলেন, ‘এ নিয়ে একই জায়গা থেকে চারবার ট্রান্সফরমার চুরি হলো। বারবার এমন ঘটনায় আমি চরম দুশ্চিন্তায় রয়েছি। ট্রান্সফরমার না থাকায় জমিতে সেচ দেওয়াও ব্যাহত হচ্ছে।’

স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় বারবার ট্রান্সফরমার চুরি হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি সেচব্যবস্থা ব্যাহত হয়ে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তাঁরা দ্রুত ট্রান্সফরমার চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ, এলাকায় নিয়মিত টহল জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার বলেন, ‘ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন হতে হবে।’ পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এলাকায় টহল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: