মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানোয় এনসিপির দুই নেতাকে শোকজ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেসক্লাব নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানোয় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা কমিটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে এনসিপির সহযোগী সংগঠন ‘ছাত্রশক্তি’র নেতাকর্মীরা প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন এবং জুলাই গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন তাঁদের সঙ্গে ছিলেন। পরদিন ২৭ সেপ্টেম্বর রাতে আব্দুল মতিন ও ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

দলটির যশোর জেলা কমিটির দপ্তর সম্পাদক তপু ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সম্প্রতি দলীয় ফোরামে আলোচনা বা প্রয়োজনীয় সমন্বয় না করে ব্যক্তিগত উদ্যোগে প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে জনসম্মুখে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। ফলে দলের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

এদিকে, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় শোকজের বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ ধরনের সামাজিক কর্মসূচিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান এ বিষয়ে বলেন, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে এবং সংগঠনের সঙ্গে সমন্বয় না করে ওই কর্মসূচিতে অংশ নেওয়ায় দুই নেতাকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক কিছু বিষয় অভ্যন্তরীণ থাকে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য তাঁদের সতর্ক করা হয়েছে। আপাতত কেন্দ্রীয় পর্যায়ের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: