বুধবার ২৮ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া যুবদলের কমিটি নিয়ে তদন্তের সিদ্ধান্ত

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়া যুবদলের কমিটি নিয়ে তদন্তের সিদ্ধান্ত

মালয়েশিয়া যুবদলের নবগঠিত কমিটি নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন জমা দিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এ নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে মালয়েশিয়া যুবদলের অভ্যন্তরীণ অবস্থা ও সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন মালয়েশিয়া যুবদলের বর্তমান কমিটির কয়েকজন নেতা ও পদবঞ্চিত নেতাকর্মী।

এর আগে, নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব এবং বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগে গত ১১ অক্টোবর কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। তাঁরা বর্তমান কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অনেক নেতাকর্মীকে নতুন কমিটিতে রাখা হয়নি। প্রবাসে থেকেও আন্দোলনে অংশ নেওয়া এসব নেতাকর্মীর অনেকে বিভিন্ন সময়ে পুলিশি হয়রানি ও কারাভোগের শিকার হয়েছেন বলে তাঁদের দাবি। তাঁদের বাদ দিয়ে ১০১ সদস্যের কমিটি গঠনের ফলে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা দুই শতাধিক নেতাকর্মী উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নেতাকর্মীদের আরও অভিযোগ, সাংগঠনিক যোগ্যতা ও আন্দোলনে অবদানের পরিবর্তে কমিটি গঠনে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ব্যক্তি এবং জামায়াত-শিবির ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগও উঠেছে।

অভিযোগকারীরা নবগঠিত কমিটিকে অগঠনতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্‌ঘাটন এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: