গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ডাচরা, জিতল জার্মানি
উয়েফা নেশনস লিগে একতরফা ম্যাচে গ্রিসকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে নেদারল্যান্ডস। অন্য ম্যাচে ৯ জনের সার্বিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের দৌড়ে টিকে রয়েছে জার্মানি।
আমস্টারডামে শুরু থেকেই গ্রিক রক্ষণভাগকে তছনছ করে দেয় ডাচরা। খেলার ১৮ মিনিটের মধ্যেই তিন গোল করে সুবিধাজনক অবস্থানে চলে যায় তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ক্রিসেনসিও সামারভিলে দলকে প্রথম এগিয়ে নেন।
এরপর শুরু হয় তিজানি রেইন্ডার্সের নৈপুণ্য। ২১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করে ৩৩ মিনিটের মধ্যেই দলকে ৪-০ গোলে এগিয়ে দেন এই ফুটবলার।
বিরতির আগেই জুরিয়েন টিম্বার স্বাগতিকদের পক্ষে পঞ্চম গোলটি করেন। বিরতির পর টিম্বার নিজের দ্বিতীয় এবং ডনিয়েল মালেন সপ্তম গোলটি করলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
১৯৮৯ সালের মে মাসের পর এবারই প্রথম এক ম্যাচে সাতটি গোল হজম করল গ্রিস। এই জয়ে ২০২৪ সালের নভেম্বরে বসনিয়ার বিপক্ষে জার্মানির রেকর্ড গোলের রেকর্ডে ভাগ বসাল নেদারল্যান্ডস।
এদিকে সার্বিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি। গ্রুপ এ-২ এর পয়েন্ট তালিকায় শীর্ষ দল নেদারল্যান্ডসের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। গ্রিসের সমান ৮ পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে জার্মানরা। আগামী সোমবার বার্লিনে মুখোমুখি হবে দুই দল।


























