ইলন মাস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এআই গবেষক ফ্রাঁসোয়া শোলের একটি পুরোনো পূর্বাভাসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই মন্তব্য করেন ইলন মাস্ক।
এআই ধীরে ধীরে বিজ্ঞানের প্রতিটি শাখার অপরিহার্য অংশ হয়ে উঠবে। এআই ইতিমধ্যে গবেষণায় তথ্য বিশ্লেষণ, জটিল সিমুলেশন পরিচালনা ও মানুষের চোখ এড়িয়ে যাওয়া বিভিন্ন ধরন বা সম্পর্ক শনাক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রোটিনের গঠন নির্ণয়, নতুন উপাদান নিয়ে গবেষণা ও জলবায়ু মডেল তৈরির মতো ক্ষেত্রেও এআই ব্যবহার করে অগ্রগতি হচ্ছে।
এআই মানুষের সক্ষমতাকে কখন ছাড়িয়ে যেতে পারে, তা নিয়ে মাস্ক এর আগেও একাধিকবার পূর্বাভাস দিয়েছেন। ২০১৭ সালে একটি গবেষণায় বলা হয়েছিল, ২০৬০ সালের মধ্যে এআই সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যেতে পারে। তখন মাস্ক বলেছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যেই এমনটি ঘটতে পারে। গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে এই সময়সীমা আরও এগিয়ে আনেন মাস্ক। তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ, না হলে সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এরপরের পাঁচ বছরের মধ্যে এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে।


























