“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে যশোরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে যশোর শহরের রেলগেট এলাকার মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধ করে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় জয়তী সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে মতামত তুলে ধরা হয় এবং নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


























