নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার ১৫০টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। শনিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার এসব পরিবারগুলোর বসতবাড়িতে যান তিনি। বাড়ির উঠানে দাঁড়িয়ে অভিভাবকের মতো তাদের সান্ত্বনা দেন এই জনপ্রতিনিধি।
এদিন সকাল থেকেই ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোয় অন্যরকম এক আবহ বিরাজ করছিল। সাধারণত সংসদ সদস্যদের দেখা মেলে বড় কোনো সভায় বা মঞ্চে। কিন্তু ডা. ফরিদকে দেখা গেল ক্ষতিগ্রস্তদের বাড়ির উঠানে ও ঘরের দাওয়ায়। ঝিকরগাছার ১০০টি এবং চৌগাছার ৫০টি পরিবারের বাড়িরর আঙিনায় তিনি নিজে গিয়ে উপস্থিত হন। ১৫০টি পরিবারের হাতে তুলে দেন ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রীর প্যাকেট। নিজ দুয়ারে সংসদ সদস্যকে উপহার নিয়ে হাজির হতে দেখে অনেকই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
প্রতিটি পরিবারের সাথে কথা বলার সময় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তাদের মনে সাহস জোগান। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার। পছন্দের মানুষকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই আমার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষ যেন তার পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে নিজ ঘরে বসবাস করতে পারে। এই জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করব।
ডা. ফরিদ ঘোষণা দিয়েছেন, আজকের এই সহায়তা কেবল শুরু মাত্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যতক্ষণ না পুরোপুরি স্বাবলম্বী হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পুনর্বাসন প্রক্রিয়া ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


























