রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বইমেলায় ধুতুরা ফুলের বিকাল

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২১ মে ২০২৬

যশোরের বইমেলায় ধুতুরা ফুলের বিকাল

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে জেলা প্রশাসন আয়োজিত বইমেলায় কবি মাহমুদুল হক ইফতির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুতুরা ফুলের বিকাল’ পাওয়া যাবে। ‘জলধি’ প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। তিন দিনব্যাপী এই বই মেলা চলবে ২২ থেকে ২৪ মে পর্যন্ত। 


 ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে প্রকাশিত বইটি ইতোমধ্যেই কবিতাপ্রেমী পাঠকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। মাহমুদুল হক ইফতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে পেশায় ব্যাংকার। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাঁশি চর্চা, চলচ্চিত্র নির্মাণ ও কবিতালেখার সঙ্গে যুক্ত আছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ নস্টালজিক মেঘদল। দীর্ঘ বিরতির পর প্রকাশিত ধুতুরা ফুলের বিকাল যেন এক দশকেরও বেশি সময় ধরে জমে থাকা স্মৃতি, বিষাদ ও অন্তর্জাগতিক অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। বইটির রচনাকাল ২০১২ থেকে ২০২৫। এই কাব্যগ্রন্থের মূল সুর বিষণ্নতা, শূন্যতা, স্মৃতি এবং এক ধরনের অস্তিত্ববাদী ক্লান্তি। কবি লিখছেন--- ‘এই পৃথিবীর বুকে নেমে এসেছে এ যাবত যত রাত


তাদের সকল অন্ধকারের যোগফল তোমার শূন্যতা...’। বইটির নামকরণ কবিতা ধুতুরা ফুলের বিকাল-এ ধরা পড়ে বিষাদ, বিভ্রম ও সৌন্দর্যের এক অনন্য মিশ্র অনুভূতি।‘অনিবার্য দুঃখের নীল এই গ্রহে/ধুতুরা ফুলের বিকাল নেমে আসে...’। 


ইফতির কবিতায় যেমন আছে বৃষ্টি, নদী, মফস্বল ও স্মৃতির আবহ, তেমনি আছে ‘কসমিক রেডিয়েশন’, ‘সাবমেরিন’, ‘স্টপওয়াচ’, ‘হার্ডডিস্ক’-এর মতো আধুনিক উপমা ও পরিভাষার ব্যবহার। ফলে তাঁর কবিতায় তৈরি হয়েছে স্বপ্নময়তা ও আধুনিক নাগরিক বাস্তবতার এক ভিন্নতর ভাষা।


বইটির অন্যতম শক্তি এর প্রজন্মগত আবেগ ও আত্মদহনকে ধারণ করার ক্ষমতা। কবির উচ্চারণে ফিরে আসে এক সময়ের স্বপ্ন, বিদ্রোহ ও ভাঙনের অনুভূতি। ‘আমরা যারা করেছিলাম নিখুঁত ভুল/ কাগজের ফুলে ঠুকেছিলাম স্যালুট/ গোখরার ঠোঁটে চুমু দিয়ে বলেছিলামভালোবাসি!’


আবার সেই একই কণ্ঠে ধরা পড়ে বেঁচে থাকার অদ্ভুত দায়- ‘আমরা যারা গড়েছি সুরম্য কারাগার/ আহা! অদ্ভুত এই সব বেঁচে থাকবার!
সমকালীন বাংলা কবিতায় ধুতুরা ফুলের বিকাল স্মৃতি, বিষাদ, পরাবাস্তবতা ও অস্তিত্ব সংকটের এক স্বতন্ত্র কাব্যভাষা নির্মাণ করেছে। যশোর বইমেলায় আগত কবিতা ও সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য বইটি হতে পারে একটি ভিন্নধর্মী পাঠ-অভিজ্ঞতা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: