কেরালা উৎসবে প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘বনলতা সেন’
ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। উৎসবের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি চলচ্চিত্র এই মূল বিভাগে স্থান পেয়েছে। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়বে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমা।
কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও তাঁর কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।
চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজ। এর আগে গত ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়।
আন্তর্জাতিক এ আয়োজনে নির্বাচিত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার বনলতা সেনও হয়তো কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি।’
নির্মাতা আরও বলেন, ‘কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি। শেষ পর্যন্ত কেরালা উৎসবের মধ্য দিয়ে বনলতা সেনের আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।’
আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে আট দিনব্যাপী এই আয়োজনের পর্দা উঠবে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের এই আন্তর্জাতিক বিভাগে বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বাংলাদেশি চলচ্চিত্রটিকে।
প্রতিযোগিতায় প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, বার্লিন উৎসবে পুরস্কারজয়ী ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’-এর মুখোমুখি হবে ‘বনলতা সেন’।


























