সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২১ নভেম্বর ২০২৬

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত মদ পানের জেরে দুই দিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৮০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চান্দেল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটে। আক্রান্তদের মধ্যে কেউ নিজ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিস্থিতি বিবেচনায় চান্দেল জেলা প্রশাসন ইতোমধ্যে জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি কিংবা অনিবন্ধিত যেকোনো সন্দেহজনক অ্যালকোহলযুক্ত পানীয় পান করা থেকে বাসিন্দাদের বিরত থাকতে বলা হয়েছে।

প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়, মদপানের পর কারও পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হওয়া কিংবা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, চান্দেল জেলার পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে প্রয়োজনীয় ওষুধসহ মেডিসিন বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: