বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১২, ২১ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলারের ঘর ছাড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পর্যন্ত উঠে যায়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিস্থিতিতে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।

বিশ্ববাজারের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা আজ থেকে কার্যকর হয়েছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

শেয়ার করুনঃ