জেলা ও দায়রা জজ এম. এ. সাঈদ (ফাইল ফটো)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) আইন উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন বিচারক এম. এ. সাঈদ। বুধবার (০৪ মার্চ) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য ও মানিকগঞ্জ পারিবারিক আপীল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এম. এ. সাঈদকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হলো। একইসাথে ৫ মার্চ তাঁকে বর্তমান দায়িত্বভার অর্পন করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়।
প্রসঙ্গত, যশোরের মণিরামপুর উপজেলার কৃতি সন্তান এম. এ. সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যোগ দেন।
চাকরি জীবনে তিনি মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং মানিকগঞ্জ পারিবারিক আপীল আদালতে জেলা ও দায়রা জজ পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


























