যশোর শহরের খয়েরতলায় ভৈরব নদের জায়গা দখল করে যাতায়াতের পথ আটকে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিরুদ্ধে। প্রাচীর নির্মাণ বন্ধ ও নদের জায়গা উদ্ধারের দাবিতে যশোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওদাগ্রামের বাসিন্দারা।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ৩০-৩৫ বছর আগে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র নদ থেকে প্রায় ১০০ ফুট দূরে প্রাচীর নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে ওই প্রাচীরের পাশ দিয়ে স্থানীয় বাসিন্দারা খয়েরতলা বাজারে যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি নদের ভেতর নতুন করে প্রাচীর নির্মাণ শুরু করেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলের পথও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ম্যাপ অনুযায়ী কিছু জায়গা ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ডিসি অফিস থেকে সার্ভে করার কথা ছিল। সরকারি সার্ভেয়ার মাপজোক করে নদের জায়গা চিহ্নিত করলে সেটি মেনেই নির্মাণকাজ করা হবে।
স্থানীয় বাসিন্দারা নদের জায়গা উদ্ধারে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


























