ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিয়ার রহমান মন্ডল (৫৬) নামে এক বিএনপি সমর্থক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মহেশপুর উপজেলার গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মতিয়ার রহমান মন্ডল উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি বিএনপির একজন সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মতিয়ার রহমান মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফাঁকা মাঠ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনার পর এলাকায় জড়িতদের নাম ছড়িয়ে পড়েছে, এতে সৃষ্টি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।


























