যশোর সদর উপজেলার ডাকাতিয়ায় দুর্বৃত্তদের হামলায় নাসিম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে তার ওপর হামলা চালানো হয়। তিনি ডাকাতিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরিষাডাঙ্গায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল নির্জন হওয়ায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি টের পায়নি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, নাসিমের মাথায় গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।
যশোর কোতোয়ালি থানা সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।


























