রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন তিন নেত্রী

রানা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৪৮, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনে খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন তিন নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় খুলনা বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন তিন নেত্রী--কুষ্টিয়ার ফরিদা ইয়াসমিন, যশোরের সাবিরা সুলতানা মুন্নী ও মাগুরার নেওয়াজ হালিমা আরলি।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খুলনার তিনজনসহ ৩৬ জনের তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের পর এই তালিকা চূড়ান্ত করে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘যারা বিগত বছরগুলোতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও সংসদের আসন বণ্টনের আনুপাতিক হিসাব অনুযায়ী বিএনপি জোট ৩৬টি আসন পাওয়ায় মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মনোনীত বাকি ৩৩ জন হলেন--সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, অ্যাডভোকেট শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং মানোয়ারা বেগম।

গত ৮ এপ্রিল সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে। 
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: