বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে একটি অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে খেয়েছে। মঙ্গলবার সকালে রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা। স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সসস্যরা সাপটি উদ্ধার করেছে। সাপটি বনে অবমুক্ত করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, দিন মজুর সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় ওই দিনমজুর তার ছাগলটি খুজে না পেয়ে পাশ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল অজগর সাপটি দেখতে পায়। এ সময় তিনি সিপিজি সদস্যদের খবর দিলে তারা সবাই মিলে সাপটি উদ্ধার করে। এ সময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।
ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।


























