শুক্রবার ১৩ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২

প্রতিনিধি (মোংলা) বাগেরহাট

প্রকাশিত: ১৯:০১, ১২ মার্চ ২০২৬

বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২

বাগেরহাটের মোংলা উপজেলার রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলাটির খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন- বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি  জাফর আহমেদ। 

ওসি জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল জানান, তার হাসপাতালে মোট ৬ জনকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে চারজন আগেই মারা গেছেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাংবাদিকেদর বলেন, রামপালের দুর্ঘটনায় হতাহত ১১ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়। আর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে। বাকি মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: