সোমবার ৩০ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ডিজেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ১২:১৯, ২৯ মার্চ ২০২৬

নড়াইলে ডিজেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত  ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় জিহাদ মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশের ওই ফিলিং স্টেশনে রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে আসেন। তবে পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালকদের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ট্রাকচালক জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।


রাত ২টার দিকে ডিউটি শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নাহিদ সরদার। স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক ও সহকারী ট্রাকসহ পলাতক রয়েছে। 


তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: