নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), যশোর জেলা শাখা। রোববার সাড়ে ১১ দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাস। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস ও স্বপ্ন বিশ্বাস প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় জনগণনায় দলিতদের স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সময়েও যশোর জেলার বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠী চরম বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার, বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারকেলবাড়িয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছা উপজেলার সলুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় বৈষম্যমূলক আচরণ চলছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।


























