যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে একটি শিশুকে ধর্ষণে ঘটনায় অভিযুক্ত সোহাগ সরদারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন রায়মানিক সরদার পাড়ার বাসিন্দারা।
মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে নৃশংস ঘটনাটি ঘটে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, সে সমাজের শত্রু। তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি মূল অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তার করা না হয়, তবে থানা ঘেরাও এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুটির মা সোনিয়া খাতুন, নানা তৌহিদুর রহমান, চাচা গোলাম কাদের, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশালতা আশা, জেলা ছাত্র শক্তির আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব আল হাসিব ও যুব শক্তির সংগঠক সায়মা সিদ্দিকা।


























