বাগেরহাটের মোংলা উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা (৩৫) আটক হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে মোংলা কোস্ট গার্ড বেইসের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর অন্যতম শীর্ষ সহযোগী হিসেবে সুন্দরবনে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























