রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বটবৃক্ষে রেস্টুরেন্ট

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১২:৩৩, ২৬ এপ্রিল ২০২৬

বটবৃক্ষে রেস্টুরেন্ট

সবুজের গভীর ছায়া।পাশে নিঃশব্দে বয়ে চলা পানির স্রোত। আর মাথার ওপর খোলা আকা। প্রকৃতির এই অপূর্ব পরিবেশেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট। যেখানে মাটিতে নয়, বরং গাছের ডালে বসেই দর্শনার্থীরা উপভোগ করছেন চা, কফি ও পছন্দের খাবার।


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা বাজারসংলগ্ন ঘোড়দহ গ্রামে বিশাল এক বটগাছের ওপর কাঠের মাচা তৈরি করে নির্মাণ করা হয়েছে ‘বৃক্ষ বিলাশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। বাস্তবের ভেতর স্বপ্নের মতো এই আয়োজন ইতোমধ্যেই কৌতূহলী দর্শনার্থীদের নজর কাড়ছে।


রেস্টুরেন্টটিতে উঠতে হয় সিঁড়ি বেয়ে গাছের ওপর। সেখানে বসে চারপাশের সবুজ প্রকৃতি উপভোগের পাশাপাশি শোনা যায় কোকিলের ডাক ও পাখির কিচিরমিচির। ফলে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হয়ে উঠেছে এক অনন্য স্থান।


এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তা স্থানীয় কলেজ পড়ুয়া দুই তরুণ কনক হোসেন ও আবির হাসান। তারা জানান, প্রকৃতির কাছাকাছি থেকে মানুষকে ভিন্নধর্মী ও শান্ত অভিজ্ঞতা দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে এখানে একটি মিনি পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।


দর্শনার্থীরা বলছেন, শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে সময় কাটানো সত্যিই ভিন্ন এক অনুভূতি দেয়। অনেকেই শুধু নতুন অভিজ্ঞতার খোঁজেই এখানে ছুটে আসছেন।

 ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চারাতলা বাজারের পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটি। এছাড়া হলিধানি বাজার হয়ে কাতলামারী-চারাতলা সড়ক দিয়েও সহজেই পৌঁছানো যায় এই অনন্য স্থানে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: