আশুলিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


























