প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
সরকারপ্রধানের উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, শেভরনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ বিভাগের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোসার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসে।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৪ সালের ৩ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেভরনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিল। ওই দলের নেতৃত্বে ছিলেন কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলো। সে সময় বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে নতুন বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল শেভরন।
আওয়ামী লীগ সরকারের সময়ও বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছিল কোম্পানিটি। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, দেশের প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান সরবরাহকারী শেভরন বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে।


























