লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে, লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলা যায়।
এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’ মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ অনেকে।পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন নিতাই রায় চৌধুরী।


























