ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। রবিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রত্যাশা করেন, জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে উজ্জবিত নেতাকর্মীরা। জনসভা জনসমুদ্রের রুপ নিবে। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসাবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসভাবেশে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস, রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ।
জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েক দিন থেকে কেন্দ্রীয় ঈদগা মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড।


























